২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় পরিবর্তনের অনুমতিও দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।




গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে কেকেআরকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলা হয়েছে। প্রয়োজনে তারা বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও পাবে।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যে জানা গেছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ সামনে আসার পর মোস্তাফিজের আইপিএল চুক্তি নিয়ে বিতর্ক শুরু হয়। এ নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে তাঁর আইপিএলে অংশগ্রহণের বিরোধিতা করা হয়। ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুর কেকেআরকে মোস্তাফিজকে দলে না রাখার আহ্বান জানান। পাশাপাশি বিজেপি নেতা সঙ্গীত সোম মোস্তাফিজকে কেনার কারণে কেকেআরের মালিক শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেও মন্তব্য করেন।

গত মাসে অনুষ্ঠিত আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটারের নাম থাকলেও দল পান শুধু মোস্তাফিজ। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স, যা আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য।

এর আগে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছিলেন, মোস্তাফিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা সরকারের নির্দেশনার অপেক্ষায় ছিলেন। যদিও একই সময়ে বোর্ডের এক সূত্র দাবি করেছিল, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণে নিষেধাজ্ঞা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

মোস্তাফিজকে দলে নেওয়ার ঘটনায় শাহরুখ খানের সমালোচনা করেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি এবং শিবসেনা নেতা সঞ্জয় নিরুপমও। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শিরনাতে প্রশ্ন তুলেছেন, কীভাবে বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলের নিলাম পুলে রাখা হলো—এর জবাব বিসিসিআই ও আইসিসিকে দিতে হবে।

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান এর আগে পাঁচটি দলের হয়ে আট মৌসুম আইপিএলে খেলেছেন। এই বাঁহাতি পেসার টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬৫টি উইকেট শিকার করেছেন।

Post a Comment

Previous Post Next Post