আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে হলের অডিটোরিয়ামে ভারতের মাটিতে আয়োজিত সব ধরনের ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও প্রদর্শন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) হল সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে ভিপি মো. জায়েদুল হক, জিএস সাদমান আব্দুল্লাহসহ হল সংসদের নেতৃবৃন্দের স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা ক্রিকেটের ন্যায়বিচার ও পেশাদারিত্বকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। হল সংসদের মতে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন সিদ্ধান্ত খেলাধুলার চেতনার পরিপন্থী।

এই প্রতিবাদের অংশ হিসেবে হল অডিটোরিয়ামে ভারতীয় কোনো ক্রিকেট ম্যাচ টেলিভিশনে সম্প্রচার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় ক্রীড়া সামগ্রী ক্রয় থেকে বিরত থাকতে ও তা নিরুৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ক্রীড়া কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ভারতের মাটিতে আয়োজিত যেকোনো ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত রাখা উচিত কি না—সে বিষয়ে পুনর্বিবেচনার সময় এসেছে।

মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সলিমুল্লাহ মুসলিম হলের এই সিদ্ধান্ত অন্য হলগুলোতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Post a Comment

Previous Post Next Post